শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সার কালোবাজারে বিক্রির অভিযোগে দায়ের করা মামলায় ১০ জন বিসিআইসি সার ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে বিকেলে তাদের জেলা কারাগারে নেয়া হয়।
কারাগারে পাঠানো ১৫ জনের মধ্যে বিসিআইসি সার ডিলার ১০ জন এবং ডিলারদের পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট আরও ৫ জন রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২২ জুলাই শেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিশেষ ক্ষমতা আইনে ১৫ জন সার ডিলারসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেন।
এজাহারে অভিযোগ করা হয়, সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের সার অধিক মুনাফার আশায় কালোবাজারে বিক্রি করা হয়েছে। এতে কৃষকদের জন্য সারের কৃত্রিম সংকট তৈরি হয় এবং অনেক কৃষককে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার কিনতে হয়।
তদন্তে বিক্রয় রেজিস্টার, ক্যাশ মেমোসহ বিভিন্ন নথি যাচাই করে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা মামলায় উল্লেখ করা হয়েছে।
এর আগে আসামিরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠান।
শেরপুর প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।