কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। তিনি বলেন, ‘ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন।’
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ শহরের কালিবাড়ী মোড় সংলগ্ন চত্বরে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়া হয়েছে। ফ্যাসিবাদ ও স্বৈরাচার পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছে দাবি করে তিনি বলেন, কোনো ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।
সম্প্রতি দুটি বাসে আগুন দেয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাস পুড়িয়ে জনগণকে ভয় দেখানোর চেষ্টা করা হলে তা মোকাবিলা করা হবে। দেশকে অস্থিতিশীল করতে দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে রথখলা এলাকায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন বক্তব্য দেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।