ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সৌদি সেনাদের প্রয়োজনে জীবন উৎসর্গের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান। হুতিদের ক্ষমতা থেকে সরানো পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থায় তার এই বার্তা প্রকাশ করা হয়।
সৌদি সীমান্তে মোতায়েন সেনাদের উদ্দেশে দেয়া বার্তায় গ্র্যান্ড মুফতি কোরআনের বিভিন্ন আয়াত এবং আত্মত্যাগ ও আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রামসংক্রান্ত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বাণী উদ্ধৃত করেন। তিনি সেনাদের দায়িত্ব পালনে প্রস্তুত থাকা এবং শাসক ও মাঠপর্যায়ের কমান্ডারদের আদেশ মেনে চলার আহ্বান জানান।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাত তীব্র হয়েছে। হুতিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আর জবাবে সৌদি আরব বিমান হামলা চালাচ্ছে।
গ্র্যান্ড মুফতি বলেন, সৌদি ভূখণ্ড রক্ষা করা এবং এর সীমান্তে হস্তক্ষেপের চেষ্টা প্রতিহত করা গুরুত্বপূর্ণ দায়িত্ব। একই সঙ্গে ইয়েমেনে সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার ওপরও গুরুত্ব দেন তিনি।
দুই সপ্তাহ আগে হুতিরা গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব নৌপথের নিয়ন্ত্রণ নেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০১৫ সাল থেকে ইয়েমেনের সংঘাতে জড়িয়ে থাকা সৌদি আরব এখন দেশটির সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযান চালাবে কি না, তা নিয়ে আলোচনা করছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।