জাতিসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বক্তব্যের জবাব দিয়েছে ভারত। ‘রাইট টু রিপ্লাই’ ব্যবহার করে শনিবার ভারতীয় কূটনীতিক পেটাল গেহলট পাকিস্তানকে সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগ করেন।
গেহলট বলেন, পাকিস্তান দিনে নিরাপত্তা রক্ষার কথা বললেও রাতে সন্ত্রাসবাদে মদদ দেয়। তিনি দাবি করেন, ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেন পাকিস্তানে, দেশটির সামরিক একাডেমির কাছাকাছি বসবাস করতেন।
শুক্রবারের প্রায় ২৩ মিনিটের বক্তব্যে শাহবাজ শরিফ ২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন এবং কাশ্মীর ইস্যু তুলে ধরেন। জবাবে গেহলট জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেন।
তিনি পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও তোলেন। একই সঙ্গে পাকিস্তানের গণতন্ত্র, মানবাধিকার ও ধর্মীয় সহনশীলতা নিয়ে দেয়া বক্তব্যের সমালোচনা করেন ভারতীয় এই কূটনীতিক।
গেহলট বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করবে ভারত এবং পাকিস্তানের অব্যাহত সন্ত্রাসবাদের পরিণতি দেশটিকে ভোগ করতে হবে। তিনি জাতিসংঘকে পাকিস্তানের বক্তব্যের পরিবর্তে ‘বাস্তবতার’ ভিত্তিতে বিষয়গুলো বিবেচনার আহ্বান জানান।
শাহবাজ শরিফ তার বক্তব্যে কাশ্মীর সমস্যার ন্যায়সংগত সমাধানের প্রয়োজনীয়তার পাশাপাশি সিন্ধু পানি চুক্তির বিষয়টিও তুলে ধরেন। এর আগে পাহালগামে হামলার পর চুক্তিটি স্থগিতের ঘোষণা দিয়েছিল ভারত।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।