ইতালির সিসিলি দ্বীপে আবারও সক্রিয় হয়ে উঠেছে মাউন্ট এতনা আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় উঠে যায় ছাইয়ের কুণ্ডলী। এতে বিমান চলাচলে ঝুঁকি তৈরি হওয়ায় শনিবার (২৭ সেপ্টেম্বর) সিসিলির কাতানিয়া বিমানবন্দরে আগমনকারী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি বা আইএনজিভির তথ্য অনুযায়ী, অগ্ন্যুৎপাতের পর বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়। একই সঙ্গে আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ করে দেয়া হয়। ফলে কাতানিয়া বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়ন—দুই ক্ষেত্রেই বিধিনিষেধ আরোপ করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয় ছাইয়ের কারণে স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়। পুরোপুরি ফ্লাইট স্থগিতের আগে প্রতি ঘণ্টায় ১২টির পরিবর্তে সর্বোচ্চ চারটি ফ্লাইট অবতরণের অনুমতি দেয়া হচ্ছিল।
এরই মধ্যে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসোর দিকে পাঠানো হয়। ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসোর দিকে ঘুরিয়ে দেয়া হয়েছে।
সিসিলির অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এতনা থেকে অগ্ন্যুৎপাত ও ছাই নির্গমনের কারণে এর আগেও কাতানিয়া বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এবারের অগ্ন্যুৎপাতেও আকাশপথে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ফ্লাইট নিয়ন্ত্রণ করা হচ্ছে।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।