কুমিল্লার ১৮টি থানা এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ ও ডিবি যৌথভাবে এ অভিযান চালায়। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে অভিযানে ৩৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’ চার সদস্য রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাংবিরোধী তৎপরতা জোরদার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই হত্যাকাণ্ডে জড়িত চারজনের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক।
পুলিশ জানায়, নগরীসহ জেলার বিভিন্ন এলাকায় চালানো অভিযানে কিশোর বয়সী বখাটেদের আটক করা হয়েছে। অপরাধে জড়ানো ঠেকাতে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
এর আগে ২৩ সেপ্টেম্বর কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৬২৪ জনকে আটক করা হয়। যাচাই-বাছাই শেষে ১৭৩ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় এবং বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।