ট্রাম্প ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) একপর্যায়ে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়িয়ে যায়। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কায় বাজারে এই ঊর্ধ্বগতি হয়েছে।
বাংলাদেশ সময় সকাল পৌনে ৭টার দিকে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের বেশি বেড়ে ১০৫ দশমিক ৬৪ ডলারে ওঠে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ৯৩ দশমিক ১১ ডলারে পৌঁছায়।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইরান সামরিক সংঘাত বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার প্রস্তাব দেয়। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি ওয়াশিংটনে পাঠানো হয়েছিল। শনিবার ট্রাম্প তা প্রত্যাখ্যান করলেও রোববার জানান, চলতি সপ্তাহে ইরানের সঙ্গে মার্কিন আলোচনার সম্ভাবনা রয়েছে।
এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সরবরাহ বাড়ানোয় সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশগুলো থেকে অপরিশোধিত তেল রপ্তানি বেড়ে দৈনিক ১ কোটি ২৮ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে। কেপলারের প্রাথমিক তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর এটি সর্বোচ্চ রপ্তানি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।