২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী, ১ অক্টোবর রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। একই সঙ্গে ফল প্রকাশ, নির্বাচন নিশ্চায়ন, মাইগ্রেশন ও চূড়ান্ত ভর্তির সময়ও পুনর্নির্ধারণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশোধিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপের আবেদন শুরু হয়েছে ২৭ সেপ্টেম্বর। ফল প্রকাশ হবে ৫ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিত শিক্ষার্থীরা ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নিশ্চায়ন করতে পারবেন। মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৯ অক্টোবর রাত ৮টায়। চূড়ান্ত ভর্তি চলবে ১১ থেকে ১৩ অক্টোবর।
দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবেন আগে আবেদন না করা শিক্ষার্থী, আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থী এবং মনোনয়ন পেয়েও নিশ্চায়ন বা ভর্তি সম্পন্ন করতে না পারা শিক্ষার্থীরা। পছন্দক্রমে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজ রাখতে হবে।
প্রথম ধাপে আবেদন করেও কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীদের নতুন করে ২২০ টাকা আবেদন ফি দিতে হবে না। তাদের ভর্তি ওয়েবসাইটে লগইন করে কলেজের পছন্দক্রম নির্বাচন বা সম্পাদনা করতে হবে।
নির্ধারিত সময়ে নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।