মুম্বাইয়ের শিবাজী পার্কে সমাবেশের অনুমতি না পেয়ে আগামী ২ অক্টোবর ‘জেল ভরো আন্দোলনের’ ডাক দিয়েছে ভারতের ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এ ঘোষণা দেন।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশ করতে চেয়েছিল সিজেপি। তবে মুম্বাই পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা ও সরকারি বিধি অনুযায়ী শিবাজী পার্কে কেবল ক্রীড়া সংক্রান্ত কার্যক্রমের অনুমতি রয়েছে। একই সঙ্গে শব্দদূষণ ও যানজটের কারণে আশপাশের হাসপাতালগুলোর রোগী পরিবহনে সমস্যা হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছে পুলিশ।
পুলিশের সিদ্ধান্তের পর দীপকে জানান, সমাবেশের অনুমতি না দিলে ২ অক্টোবর মুম্বাইয়ে ‘জেল ভরো আন্দোলন’ করা হবে। এ কর্মসূচির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগসহ নির্বাচন কমিশন সংস্কারের দাবিও জানাবে সংগঠনটি।
এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়ে দুই নির্বাচন কমিশনারের আপত্তি নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তোলে সিজেপি।
সিজেপি জানিয়েছে, ২ অক্টোবর মুম্বাই থেকে তাদের আন্দোলন শুরু হবে এবং পরে তা ভারতের অন্যান্য শহরেও ছড়িয়ে দেয়া হবে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।