রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও সুইডেনের রাষ্ট্রদূত এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের প্রধান। সোমবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ায় মির্জা ফখরুলকে অভিনন্দন জানান। এ সময় বাংলাদেশ ও ইউরোপীয় দেশগুলোর সম্পর্ক আরও এগিয়ে নেয়া, বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রপতি বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি জ্বালানি, সবুজ রূপান্তর, শিক্ষা, প্রযুক্তি হস্তান্তর, সামুদ্রিক বিষয় ও অভিবাসন ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
অবৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দক্ষ জনশক্তির জন্য বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে আরও ইইউ সদস্য রাষ্ট্রকে ট্যালেন্ট পার্টনারশিপ উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে কক্সবাজারে তাদের জন্য ইইউর মানবিক সহায়তা বাড়ানো এবং মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাতে আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি, নবায়নযোগ্য জ্বালানি, গণতন্ত্র, মানবাধিকার, বহুপাক্ষিকতা ও আন্তর্জাতিক আইনসহ বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয়।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।