মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরের একটি বাজারে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো এ হামলায় আহত হয়েছেন আরও ৩৬ জন। উদ্ধারকর্মী ও বিদ্রোহী গোষ্ঠীর কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
আরাকান আর্মির দাবি, স্থানীয় সময় দুপুরে একটি যুদ্ধবিমান বাজারের কাছে দুটি বোমা ফেললে হতাহতদের মধ্যে দোকানি, ক্রেতা ও পথচারীরা রয়েছেন। বাজারটি রাখাইনের অন্যতম প্রধান পাইকারি কেন্দ্র হওয়ায় সেখানে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ী ও ক্রেতারা আসতেন।
উদ্ধারকর্মী কর্মকর্তা ওয়াই হুন অংও হামলার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটি রাখাইনে সাম্প্রতিক সময়ের অন্যতম ভয়াবহ বিমান হামলা। হামলায় বাজারের পাশাপাশি কাছের একটি সেতুও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিয়ানমারের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করেনি। তবে অতীতে তারা বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করে শুধু বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে।
২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে সেনাবাহিনী ও বিভিন্ন জাতিগত ও গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাত চলছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, রাখাইনে এ সংঘাতের কারণে প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।