পাঁচবিবিতে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হামিদুল শেখ পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৭ মার্চ বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী হামিদুল শেখ ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার একই অপরাধ করেন তিনি।
প্রায় পাঁচ মাস পর কিশোরী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়া হয়। পরীক্ষায় সে অন্তঃসত্ত্বা বলে জানা যায়। বিষয়টি জানাজানি হলে কিশোরীর বাবা ১৯ আগস্ট পাঁচবিবি থানায় মামলা করেন।
তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। রায়ের পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জিনাত ফেরদৌসী রীনি। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হেনা কবীর।
আবাবিল হাকিম, জয়পুরহাট প্রতিনিধি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।