ফেনীতে দিনব্যাপী একাধিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নিতে ঢাকার গুলশানের বাসা থেকে সড়কপথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে তার গাড়িবহর ফেনীর উদ্দেশে গুলশান ছাড়ে।
সফরকালে পরশুরাম ও ফুলগাজীতে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর সাড়ে ১২টায় পরশুরামের খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।
এরপর দুপুর দেড়টায় ফুলগাজী বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাক বাংলোর রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিকেল সাড়ে ৩টায় ফুলগাজী সরকারি পাইলট স্কুল মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মানি প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দুপুরে ফুলগাজী ডাক বাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে ফেনীতে প্রয়োজনীয় প্রস্তুতি নেয়া হয়েছে। বুধবার ও মঙ্গলবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু পরশুরাম ও ফুলগাজীর বিভিন্ন কর্মসূচির স্থান পরিদর্শন করেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।