বগুড়ার ধুনটে মোবাইল ফোনের দোকানের শাটার কেটে ৯৪টি অ্যান্ড্রয়েড ফোন চুরির পর বাসে করে ঢাকায় পালানোর সময় আন্তজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে চুরি হওয়া সব ৯৪টি ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম গোলচত্বর এলাকায় বগুড়া থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, বুধবার সকাল ৮টার দিকে চোর চক্রটি ধুনট উপজেলা শহরের ইছামতি কমপ্লেক্সের মাসুদ টেলিকমের শাটার কেটে দোকানে ঢোকে। সেখান থেকে ৯৪টি মোবাইল ফোন নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় শেরপুরের দিকে যায়। পরে শ্যামলী পরিবহনের বাসে ঢাকার উদ্দেশে রওনা দেয়।
গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা, সিরাজগঞ্জ হাইওয়ে পুলিশ ও যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ যৌথভাবে গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বাসটিতে অভিযান চালায়। এ সময় আটজনকে গ্রেপ্তার ও ৯৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বগুড়া জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।