শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ English
English
সর্বশেষ

আইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ

আইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য, এমপি শাহাদাত সেলিমকে লিগ্যাল নোটিশ
সর্বশেষ উপলব্ধ: অক্টোবর ০১, ২০২৬ ০২:০৩ অপরাহ্ন

আইনজীবীদের কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগে লক্ষ্মীপুর-১ আসনের বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী ওমর ফারুক তুষার। বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার জন্য তাকে সাত দিনের সময় দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দেয়া নোটিশে বলা হয়, ৩০ সেপ্টেম্বর কচুয়া আহমদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইনজীবীদের নিয়ে বক্তব্য দেন শাহাদাত হোসেন সেলিম।

নোটিশে অভিযোগ করা হয়, ওই অনুষ্ঠানে তিনি বলেন, আইনজীবীরা রাতে দোয়া করেন, যাতে পরদিন কয়েকজন মাদকসেবী পাওয়া যায় এবং তাদের জামিন করিয়ে ভালো-মন্দ বাজার করে বাড়ি ফেরা যায়। একই সঙ্গে অল্প টাকার বিনিময়ে মাদকসেবীদের জামিন করিয়ে দেয়ার কথাও বলেন তিনি।

আইনজীবী ওমর ফারুক তুষারের দাবি, এ বক্তব্যে আইনজীবীদের পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। নোটিশে বলা হয়েছে, বক্তব্যটি সংবিধানের ২৭ অনুচ্ছেদ এবং দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারার পরিপন্থি। সাত দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা না চাইলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়েছে।

তবে শাহাদাত হোসেন সেলিম বলেন, তার বক্তব্য খণ্ডিতভাবে ফটোকার্ডে প্রচার করা হয়েছে। লিগ্যাল নোটিশের জবাব আইনিভাবেই দেয়া হবে। এ বিষয়ে ‘যত কম কথা বলা যায়, ততই ভালো’ বলেও মন্তব্য করেন তিনি।

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

মতামত দিন

শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।