লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় অনুমোদনহীন ও অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং নতুন ভাটা স্থাপন বন্ধে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ গত ১৫ সেপ্টেম্বর এ রুল জারি করেন। সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে আইনজীবী জানান, রামগতি উপজেলার চরলক্ষ্মী গ্রামের বাসিন্দা মো. আশরাফুল আলম হান্নানের করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়। সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে করা আবেদনে দুই উপজেলায় থাকা সব অননুমোদিত ও অবৈধ ইটভাটা উচ্ছেদের পাশাপাশি আইন লঙ্ঘন করে নতুন ভাটা স্থাপনের অনুমতি না দেয়ার নির্দেশনা চাওয়া হয়।
রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, এলজিইডি, বন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ১৫ কর্মকর্তা ও প্রতিষ্ঠানকে বিবাদী করা হয়েছে।
রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জামিলা মমতাজসহ অন্যান্য আইন কর্মকর্তা।
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।