ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জড়ানোর উদ্দেশ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েলগামী একটি বিমান ছিনতাইয়ের ঘটনা সাজানোর পরিকল্পনা করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু—এমন দাবি করেছে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি। সংবাদমাধ্যমটি একটি নাম প্রকাশ না করা আঞ্চলিক সূত্রের বরাত দিয়েছে। এ দাবির স্বাধীন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু আমিরাত সফরের সময় কয়েকজন জ্যেষ্ঠ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাকে নিয়ে এ পরিকল্পনা চূড়ান্ত করেন বলে ওই সূত্র দাবি করেছে। এর উদ্দেশ্য ছিল বিমান ছিনতাইয়ের ঘটনায় ইরানকে দায়ী করে ট্রাম্পকে নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়ানো।
গেলো ৩০ সেপ্টেম্বর দুবাই থেকে তেলআবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে ককপিটে দুই পাইলটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এক পাইলট আহত হওয়ার পর যাত্রী ও ক্রুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং বিমানটি সৌদি আরবের তাবুকে জরুরি অবতরণ করে। ঘটনাটি নিয়ে ইউএই ও ইসরায়েল তদন্ত করছে।
প্রেস টিভির সূত্রটি আরও দাবি করেছে, নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকেই এ ধরনের পরিকল্পনা করা হয়েছিল। তবে এসব অভিযোগের পক্ষে কোনো স্বাধীন তদন্তের তথ্য বা প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।
ইরানের কর্মকর্তারাও ঘটনাটিকে ঘিরে ইসরায়েলি সরকারের বিরুদ্ধে সতর্কতামূলক বক্তব্য দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি পক্ষ ঘটনাটির পেছনে সন্ত্রাসী উদ্দেশ্য ছিল কি না, তা তদন্ত করছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।