দূর প্রশান্ত মহাসাগরে শক্তিশালী হয়ে ক্যাটাগরি ৩ হারিকেনে পরিণত হয়েছে নোলো। তবে জনবসতিপূর্ণ কোনো দ্বীপে এর সরাসরি আঘাতের আশঙ্কা নেই।
মিয়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, নোলোর সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটারে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় ঝড়টি হাওয়াইয়ের পশ্চিমে লিসিয়ানস্কি দ্বীপের প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল এবং ঘণ্টায় ৩১ কিলোমিটার বেগে পশ্চিম দিকে এগোচ্ছিল।
ঝড়ের প্রভাবে পাপাহানাউমোকুয়াকেয়া মেরিন ন্যাশনাল মনুমেন্টের মারো রিফ থেকে লিসিয়ানস্কি দ্বীপ পর্যন্ত এলাকায় ক্রান্তীয় ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। নোলোর সৃষ্ট বড় ঢেউ নিচু প্রবালদ্বীপের কিছু অংশ প্লাবিত করতে পারে বলে সতর্ক করেছে হারিকেন সেন্টার।
নোলো রোববার আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করার কথা। প্রায় এক সপ্তাহ আগে হাওয়াইয়ের কাছ দিয়ে হারিকেন হিসেবে অতিক্রম করার পর দুর্বল হয়ে ক্রান্তীয় ঝড়ে পরিণত হয়েছিল এটি। শুক্রবার আবার হারিকেন শক্তি ফিরে পায়।
এদিকে প্রশান্ত মহাসাগরের আরেক ঝড় ক্যাটাগরি ১ হারিকেন র্যাচেল মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে দূরে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এর প্রভাবে মেক্সিকোর পশ্চিম-মধ্য উপকূল ও বাজা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে বিপজ্জনক ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।