সংযুক্ত আরব আমিরাতে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি পদক্ষেপ শুরু করেছে সরকার। একই সঙ্গে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, ইউএই আদালত বেনজীর আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তে জামিন দিয়েছে। বিষয়টি জানার পরপরই দেশটিতে নিয়োজিত ল’ ফার্মকে জামিন বাতিলের আবেদন ও আদালতে পিটিশন দাখিলের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করে আদালতের আদেশের সত্যায়িত কপি সংগ্রহের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, বেনজীরকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক দুই ধরনের প্রচেষ্টা চলমান রয়েছে। তবে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সরকারের সন্দেহ রয়েছে।
এদিকে সাম্প্রতিক সময়ে মেট্রোরেল ও আশুলিয়ায় বোমা আতঙ্কের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মতিঝিলে মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং পরে আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। খবর পেয়ে বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে কেউ এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিশেষ টিম সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।
৫ আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচি ও আওয়ামী লীগের তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত দলটির বড় ধরনের কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা নেই। তবুও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। সরকারের দাবি, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উগ্রবাদী কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।