
জয়পুরহাটে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার (পিইটি) মাধ্যমে এ দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে আগের ধাপে উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেন। এ সময় পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার এবং নারী প্রার্থীদের ১ হাজার মিটার দৌড়, ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং পরীক্ষার মাধ্যমে শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য নির্বাচিত করা হয়।
শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উদ্দেশে ব্রিফিং করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম। তিনি বলেন, কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি পরবর্তী সব পরীক্ষায় যারা ভালো করবেন, কেবল তারাই নিয়োগের জন্য বিবেচিত হবেন।
তিনি আরও বলেন, নিয়োগপ্রাপ্তরা নিজ নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চাকরি পাবেন। তাই কোনো প্রতারক বা দালাল চক্রের প্রলোভনে পড়ে আর্থিক লেনদেন না করতে পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২ ডিসেম্বর ২০২৬, বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় নিয়োগ বোর্ডের সদস্য এবং দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান পুলিশ সুপার।
আবাবিল হাকিম, জয়পুরহাট জেলা প্রতিনিধি।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।