
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেশার টাকা জোগাড় করতে মায়ের গলার স্বর্ণের মালা ছিনিয়ে নিয়ে তাঁকে হত্যার অভিযোগ উঠেছে ২২ বছর বয়সী ছেলে আশরাফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় আশরাফুলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার রামকান্তপুর গ্রামে নিজ বাড়ি থেকে মতিফুল নেছা নামের ওই বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। একই রাতে অভিযান চালিয়ে আশরাফুলের বন্ধু ও প্রতিবেশী রহিম উদ্দিন এবং চোরাই স্বর্ণ কেনার অভিযোগে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনের জন্য টাকা চাইলে মা তা দিতে অস্বীকৃতি জানান। এরপর আশরাফুল ও তার বন্ধু রহিম উদ্দিন মিলে বৃদ্ধার গলার এক ভরি ওজনের স্বর্ণের মালা ছিনিয়ে নেন। এ সময় তাঁকে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে বাড়িতে রেখে যাওয়ার অভিযোগ রয়েছে।
পরে ওই স্বর্ণের মালা আব্দুল জলিলের কাছে ৪০ হাজার টাকায় বিক্রি করা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে নেশার টাকা জোগাড় করতেই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আশিক/মি
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।