
রাজধানীর জুরাইনে ভাড়া বাসার দরজা ও তালা ভেঙে জনি (২৯) নামে এক রিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কদমতলীর পূর্ব জুরাইন মদিনা মসজিদ রোডের একটি বাসার পঞ্চম তলার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত জনির ভায়রা ভাই মো. সুজন জানান, জনির স্থায়ী বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়। তাঁর বাবার নাম মৃত জাহাঙ্গীর।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. আলআমিন খান জানান, জনি পরিবার নিয়ে জুরাইনের ওই ভাড়া বাসায় থাকতেন। তিনি অটোরিকশা চালাতেন। এক সপ্তাহ আগে তাঁর স্ত্রী চার বছর বয়সী মেয়েকে নিয়ে নারায়ণগঞ্জের কাঁচপুরে বাবার বাড়িতে যান।
বুধবার সকাল থেকে জনির মোবাইল ফোন বন্ধ পেয়ে স্ত্রী জুরাইনের বাসায় ফিরে আসেন। সেখানে গিয়ে কক্ষের দরজা তালাবদ্ধ দেখতে পান। পরে জানালার ফাঁক দিয়ে ভেতরে মেঝেতে জনিকে পড়ে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন তিনি।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পঞ্চম তলার ওই কক্ষের তালা ভেঙে জনির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। কক্ষের ভেতর থেকে রক্তমাখা কাঁচি ও ইয়াবা সেবনের সরঞ্জামও পাওয়া গেছে।এসআই আলআমিন খান আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সেবন নিয়ে বিরোধের জেরে দুই থেকে তিন দিন আগে জনিকে হত্যা করা হয়েছে। এরপর হত্যাকারীরা কক্ষের বাইরে তালা লাগিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
দিয়া হোসাইন/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।