১১ দলীয় ঐক্যের ঘোষিত সচিবালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি শেষে বেলা ১২টা ৪০ মিনিটের দিকে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা মিছিল নিয়ে সচিবালয়ের উদ্দেশে রওনা হন। মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়।
এদিকে, সচিবালয়ের সব গেট বন্ধ থাকায় বিভিন্ন কাজে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। প্রবেশ করতে না পেরে অনেককে গেটের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। প্রয়োজনীয় কাজে সচিবালয়ে ঢোকার আশায় বিভিন্ন প্রবেশপথের সামনে জড়ো হন অনেকে।
এর আগে জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ভূতুড়ে বিল, মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বৃষ্টির মধ্যেই অবস্থান কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার বেলা ১১টার পর রাজধানীর মুক্তাঙ্গনে এ কর্মসূচি শুরু হয়। এতে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. হামিদুর রহমান আযাদ, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।