রাজধানীর বকশীবাজারে সরকারি মাদরাসা-ই-আলিয়ায় প্রবেশের রাস্তায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার পর বকশীবাজার রোডে ব্যারিকেড দেয়া হয়। এতে মাদরাসার দিকে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না, তবে বের হতে পারছে।
দুপুর সাড়ে ১২টায় মাদরাসার আবাসিক হলে ওঠার ঘোষণা দিয়েছেন বৈধ সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা। এ কর্মসূচিকে কেন্দ্র করে হলের সামনেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
শুক্রবার দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা অভিযোগ করেন, ৪ আগস্টের হামলার পর থেকে পুলিশ ও মাদরাসা প্রশাসনের বাধায় তারা হলে ফিরতে পারছেন না। একই সঙ্গে হলের কক্ষ থেকে ল্যাপটপ, মোটরসাইকেল, নগদ টাকা, ইলেকট্রনিক সামগ্রী, সার্টিফিকেট ও পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগও করেন তারা।
বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, ছাত্রদলের কিছু নেতাকর্মী হলে অবস্থান করে কক্ষ ভাঙচুর ও লুটপাটের সুযোগ পাচ্ছেন। এ পরিস্থিতিতে সব বাধা মোকাবিলা করে হলে ফেরার ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতারা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।