যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযান জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) গত এক মাসে প্রায় ৫১ হাজার অভিবাসীকে আটক করেছে। সংস্থাটির ইতিহাসে এক মাসে এটিই সর্বোচ্চ আটকের রেকর্ড।
শনিবার (৮ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত মাসে আইসিই প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার ৬৪৫ জনকে আটক করেছে। এর আগে এক মাসে সর্বোচ্চ আটকের রেকর্ড ছিল জুনে, প্রায় ৪৩ হাজার। ফলে টানা দুই মাসে নতুন রেকর্ড গড়ল সংস্থাটি।
ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদে বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের শনাক্ত, আটক ও বহিষ্কারে অভিযান জোরদার করা হয়েছে। গত মাসে জর্জিয়ায় একটি বিশেষ অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১ হাজার ২২৬ জনকে আটক করা হয়। বিমানবন্দরগুলোতেও ৩০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিবাসন অভিযান বাড়ার সঙ্গে বহিষ্কারের সংখ্যাও বেড়েছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছরের জুন পর্যন্ত ৩ লাখ ৫৬ হাজার ৩৮৯ জনকে দেশটি থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে ব্যাপক আটকের ঘটনায় সমালোচনাও হচ্ছে। অধিকারকর্মীদের অভিযোগ, কোনো অপরাধের রেকর্ড নেই এমন ব্যক্তিদের পাশাপাশি বৈধভাবে কাজের অনুমতিপত্র বা প্যারোলের নথি থাকা ব্যক্তিরাও অভিযানে আটক হয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।