দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার কাফর রুম্মানে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) এ হামলা চালানো হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে শাফাক নিউজ।
এ ছাড়া নাবাতিয়েহ এলাকার আলী আল-তাহের উচ্চভূমি ও নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে গোলাবর্ষণ করা হয়েছে। একই এলাকায় ইসরায়েলি একটি বিমান থেকে বিস্ফোরক ফেলার খবর পাওয়া গেছে। পাশাপাশি সাঁজোয়া যান ও বুলডোজার নিয়ে জাওতার আল-গারবিয়াহ এলাকায় প্রবেশ করে ইসরায়েলি সেনারা।
মায়ফাদুন এলাকাতেও ইসরায়েলি ড্রোন দুটি হামলা চালিয়েছে। এছাড়া মারজায়ুন জেলার মাইস আল-জাবাল এলাকায় একটি বাড়িতে গোলাবর্ষণ ও মেশিনগান থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সুর জেলার আল-মানসুরি এলাকাতেও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
এদিকে নাবাতিয়েহ জেলায় অবিস্ফোরিত বিস্ফোরক অপসারণের সময় তিন লেবানিজ সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের আঘাত মাঝারি বলে জানিয়েছে লেবাননের সেনাবাহিনী।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭ আগস্ট পর্যন্ত ইসরায়েলি হামলায় দেশটিতে ৪ হাজার ৩৩৫ জন নিহত এবং ১২ হাজার ২৭৩ জন আহত হয়েছেন।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।