বাবা হোর্হে মেসিকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে পৌঁছেছেন দেশটির ফুটবল তারকা লিওনেল মেসি। শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় রাত ৮টা ৪১ মিনিটে নিজ শহরে পৌঁছান তিনি। খবর আর্জেন্টাইন সংবাদমাধ্যম এল দিয়া’র।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৬৮ বছর বয়সে মারা যান হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবর পেয়ে পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে আর্জেন্টিনায় ফেরেন মেসি।
রোজারিও পৌঁছে মা সেলিয়া কুচিত্তিনি, ভাই রদ্রিগো ও মাতিয়াস, বোন মারিয়া সলসহ পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে যোগ দেন তিনি।
পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, হোর্হে মেসির শেষ বিদায়ের আয়োজন পুরোপুরি ব্যক্তিগত রাখা হয়েছে। কোনো প্রকাশ্য শোকসভা বা জনসমাগম হবে না। গণমাধ্যমকেও এ বিষয়ে বিস্তারিত জানানো হচ্ছে না।
হোর্হে মেসির মরদেহ রোজারিওর ভিলা গোবেরনাদর গালভেস এলাকার পার্ক দেল সোলার কবরস্থানে সমাহিত করা হবে। তবে দাফনের সময় ও অন্যান্য আনুষ্ঠানিকতার বিস্তারিত প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে এল দিয়া।
বাবার মৃত্যুর কারণে মেসির ইন্টার মিয়ামির সূচিতেও পরিবর্তন এসেছে। শনিবার মেক্সিকোর ক্লাব মনতেরেইর বিপক্ষে লিগস কাপের ম্যাচে খেলার কথা থাকলেও পারিবারিক পরিস্থিতির কারণে তাকে দল থেকে সরিয়ে নেওয়া হয়।
লিওনেল মেসির ফুটবল ক্যারিয়ারে হোর্হে মেসির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছেলের এজেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পাশাপাশি তার ব্যবসায়িক বিষয়গুলোও দেখভাল করেছেন তিনি। ২০০০ সালে কিশোর মেসিকে নিয়ে বার্সেলোনায় যাওয়ার সময়ও তিনি ছেলের সঙ্গে ছিলেন।
বাবার অসুস্থতার সময়ও তার পাশে ছিলেন মেসি। এবার মৃত্যুর পর ফুটবলীয় ব্যস্ততা পাশে রেখে পরিবারের সঙ্গে সময় কাটাতেই রোজারিও ফিরেছেন আর্জেন্টাইন তারকা।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।