ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরেছেন বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। মারফির দাবি, যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, ততই যুক্তরাষ্ট্র দুর্বল হয়ে পড়ছে এবং শক্তিশালী হচ্ছে ইরান।
তিনি বলেন, যুদ্ধ বন্ধ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়ার জন্য প্রয়োজন হলে একটি খারাপ চুক্তিতেও ট্রাম্প সমর্থন দেবেন।
হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে এই মার্কিন সিনেটর বলেন, যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা থমকে থাকায় গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেয়ার খরচ দিন দিন বাড়ছে।
মারফি বলেন, যুদ্ধ অবশ্যই শেষ করতে হবে। কারণ প্রতিদিন যুদ্ধ চলতে থাকলে যুক্তরাষ্ট্র আরও দুর্বল হবে, ইরান আরও শক্তিশালী হবে। আর যুক্তরাষ্ট্রের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, কারণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ক্রমেই বাড়তে থাকবে।
যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন করে অর্থ বরাদ্দের বিরোধিতা করবেন বলেও জানান মারফি। তবে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র ও গোলাবারুদের মজুত পুনরায় পূরণ করার জন্য অর্থ বরাদ্দে তিনি সমর্থন দেবেন। সূত্র: আনাদোলু এজেন্সি।
আশিক/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।