হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে ইরান। প্রস্তাবিত আইনে তেহরানের বিবেচনায় ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ইরানের অনুমতি ছাড়া পারস্য উপসাগরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার কথা বলা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, প্রস্তাবিত আইনটি তেলশিল্প জাতীয়করণের পর ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ আইন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
ইব্রাহিম আজিজি বলেন, বিলটি পাস হলে শত্রুভাবাপন্ন দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজ ইরানের অনুমোদন ছাড়া উপসাগরে প্রবেশ করতে পারবে না। হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরে ইরানের কর্তৃত্ব এবং নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এর আগে গত ৯ আগস্ট কমিটির মুখপাত্র হাসান গাশঘাভি জানিয়েছিলেন, হরমুজ প্রণালি ও উপসাগরের নিরাপত্তা নিশ্চিত এবং এসব অঞ্চলের টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি বিল অনুমোদন করেছে কমিটি।
ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ছে। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।