রাজধানীর উত্তরায় ডিএল ফিলিং স্টেশনের এক কোটি ২১ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চারটি বিদেশি পিস্তল, ২১ রাউন্ড গুলি এবং ছিনতাই হওয়া ১২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইলিয়াস শিকদার, জাফর, মো. রবিউল ইসলাম ওরফে রুবেল, মিন্টু রাড়ী ও সাগর বাড়ৈ। গত ৯ আগস্ট সকালে ফিলিং স্টেশনের ম্যানেজারসহ চারজন ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ সড়কের ক্রাউন প্লাজার কাছে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে অস্ত্র ও চাপাতির ভয় দেখিয়ে এবং আঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
পরে ডিবি ও উত্তরা ক্রাইম বিভাগ যৌথভাবে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থেকে ইলিয়াস ও জাফরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মাতুয়াইল, কাজলারপাড় ও পোস্তগোলা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ভুয়া র্যাব পরিচয়পত্র, ভেস্ট, ক্যাপ, নম্বর প্লেট, ওয়াকিটকি ও হাতকড়াসহ চারটি পিস্তল এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের ছিনতাইয়ে সরাসরি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। লুণ্ঠিত বাকি টাকা ও জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।