ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) ভোরে উপকূলের কাছে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বেশ কয়েকটি ভবন ও বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিধসের ঘটনাও ঘটেছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ১৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন গুরুতর আহত। ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশক অনুভূত হয়েছে। এর মধ্যে একটি আফটারশকের মাত্রা ছিল ৬ দশমিক ১।
ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামির সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। ফ্লোরেসের বিভিন্ন এলাকায় প্রায় দুই হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছেন।
মাউমেরে ও আশপাশের এলাকায় ভবন ধসে হতাহতের ঘটনা ঘটেছে। একটি টার্মিনাল ভবনের কংক্রিটের অংশ ভেঙে পড়ার পাশাপাশি জাহাজে ওঠার পথও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন সাগরে পড়ে যান বলে স্থানীয় প্রতিবেদনে জানা গেছে।
উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে জরুরি সেবাদানকারী দলগুলো। ক্ষতিগ্রস্ত এলাকায় সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।