সৌদি আরবের আটটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর দাবি অনুযায়ী লোহিত সাগর, এডেন উপসাগর ও আরব সাগরে এসব হামলা চালানো হয়েছে। গত এক মাসে সৌদি তেলবাহী ট্যাংকার ছাড়াও সামরিক স্থাপনা ও তেল অবকাঠামোসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে মোট ৩১টি অভিযান চালানোর দাবিও করেছে তারা।
হুথি মুখপাত্র আমিন হাইয়ান বুধবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান। তার দাবি, সৌদি আরবের নৌ চলাচলে বিধিনিষেধ এবং ইয়েমেনের ভূখণ্ড ও আকাশসীমায় কথিত লঙ্ঘনের জবাব দিতেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে।
হাইয়ানের দাবি, ২০ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত আটটি সৌদি তেল ট্যাংকারে হামলা চালানো হয়। এর মধ্যে পাঁচটি লোহিত সাগরে এবং তিনটি এডেন উপসাগর ও আরব সাগরে। একই সময়ে আঞ্চলিক জলপথে চলাচলকারী সৌদির ৪৮টি তেলবাহী ট্যাংকার আটকে দেওয়ার দাবিও করেছে হুথিরা।
এ ছাড়া ইয়ানবু, নাজরান, জিজান ও আবহাসহ সৌদির বিভিন্ন এলাকায় এবং পূর্বাঞ্চলীয় প্রদেশের তেল স্থাপনায় নয়টি অভিযান চালানোর দাবি করেছেন হাইয়ান। এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যুবায়ের/মি.
শর্ত সমূহ:
অশালিন শব্দ/বাক্য ব্যবহার করা যাবে না। কাউকে কটাক্ষ করা যাবে না। কারো প্রতি আক্রমনাত্বক বক্তব্য পেশ করা যাবে না।